মিডল্যান্ড ব্যাংক থেকে কোটি টাকার ঋণ পাচ্ছে অ্যাগ্রোমোকাম

১১ জানুয়ারি, ২০২৪ ১৩:২৯  

কৃষি ভিত্তিক টেক উদ্যোক্তা হিসেবে প্রযুক্তি বান্ধব ব্যাংক মিডল্যান্ড থেকে এক কোটি টাকার ঋণ সুবিধা পাচ্ছে ইকমার্স উদ্যোগ এগ্রোমুকম বিডি। নতুন প্রযুক্তি চালিত ব্যবসায়িক ধারণা সফল করতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি ঋণ সহায়তা চুক্তি হয়েছে।

কৃষি-ইকমার্স মার্কেটপ্লেস হিসেবে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রতিটি জেলা, থানা এবং ইউনিয়নে কৃষক ও বিপননকারীদের মধ্যে সেতুবন্ধন স্থাপন করা হবে।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং অ্যাগ্রোমোকাম বিডি’র চেয়ারম্যান তৌহিদুল আলম জেনিথ ৪ জানুয়ারি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ চুক্তির অধীনে এগ্রোমুকম বিডি একটি স্টার্টআপ বিজনেস হাউস হিসেবে এক কোটি টাকার এমডিবি স্টার্টআপ ঋণ পাবে।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাবেদ তারেক খান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. আহসান জামিল হোসেন এবং সিআরএম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. বজলুর রহমান খান ও এগ্রোমুকাম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।